খুব বেশি দিন হয়নি, বিসিসিআই ও ইসিবির কূট-বন্ধুত্ব চাউর ছিল ক্রিকেট–বিশ্বে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে গোপন সমঝোতায় বিশ্ব ক্রিকেটের খোলনলচে পাল্টে দিয়েছে এই দুই বোর্ড। সেই দুই বোর্ডই এখন মুখোমুখি।
জাদেজা-অ্যান্ডারসন বিতর্কে তিক্ততার দিকে মোড় নিয়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। অ্যালিস্টার কুকের অভিযোগ, তাঁর সেরা বোলারকে সিরিজ থেকে ছিটকে দিতেই ওই অভিযোগ করেছে ভারত। জাদেজার বিরুদ্ধে পাল্টা আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইংল্যান্ড। আবারও মহেন্দ্র সিং ধোনির দাবি, সীমা ছাড়িয়ে গিয়েছিলেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের আপস প্রস্তাবও নাকচ করে দিয়েছে ভারত অধিনায়ক।
ভারতের অভিযোগ, ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় রবীন্দ্র জাদেজাকে গালাগাল করেন অ্যান্ডারসন, ধাক্কাও মারেন। ভারতের ম্যানেজার সুনীল দেব আনুষ্ঠানিক অভিযোগ করার পর আইসিসি আচরণবিধির লেভেল ৩ ভাঙার অভিযোগ আনা হয় অ্যান্ডারসনের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে দুই থেকে চার টেস্ট নিষিদ্ধ হবেন অ্যান্ডারসন। সেই ২০০৮ সালে হরভজন-সাইমন্ডসের বর্ণবাদ-বিতর্কের পর এই প্রথম লেভেল ৩ মাত্রার অভিযোগ আনা হলো কোনো ক্রিকেটারের বিরুদ্ধে। বিস্মিত প্রতিক্রিয়া জানিয়ে জাদেজার বিরুদ্ধে অ্যান্ডারসনের দিকে তেড়ে আসার পাল্টা অভিযোগ করে ইসিবি। এর মাঝে ইসিবির সমঝোতা প্রচেষ্টাও ব্যর্থ হয় ধোনির অনমনীয় মনোভাবে।
লর্ডস টেস্টের আগে দুই দলের সংবাদ সম্মেলনজুড়েও এটাই ছিল মূল বিষয়। ইংলিশ অধিনায়ক কুকের দাবি, ‘এটা সম্ভবত ভারতের একটা কৌশল। জিমি আমাদের মূল ভরসা। দুর্দান্ত রেকর্ড, অসাধারণ এক বোলার।’ এই ‘কৌশল’ মানে কি অ্যান্ডারসনকে সিরিজ থেকে ছিটকে দেওয়া? প্রশ্নের উত্তরে কুক কোনো লুকোছাপা করেননি, ‘হ্যাঁ, আমার সেটাই মনে হয়। ওই ভাবনা থেকেই এমন কিছু করা হয়েছে। আশা করি, বল হাতেই সে এসবের জবাব দেবে। আমরা বিস্মিত যে ঘটনাটাকে এই পর্যায়ে টানা হয়েছে। লেভেল ৩ ভাঙার অভিযোগ আনা হয়েছে। তিলকে তাল করা হয়েছে এখানে।’
ধোনি এমনিতে কোনো বিতর্ক নিয়েই টুঁ শব্দটি করতে চান না। কিন্তু কুকের ওই দাবির কথা এক সাংবাদিক জানিয়ে দিতেই সংবাদ সম্মেলনে মুখ খুললেন ধোনিও, ‘দেখুন, এই সংবাদ সম্মেলনে কেউ চাইলে আমাকে কঠিন কোনো প্রশ্ন করতে পারে। আমি জবাব দিতে পারি, নাও পারি। কিন্তু কোনোভাবেই আমি গিয়ে তার গায়ে হাত তুলতে পারি না। কিংবা সে আমার গায়ে হাত তুলতে পারে না। যত কিছুই হোক, কিছু কিছু ব্যাপার মেনে চলতেই হবে। কখনোই সীমা ছাড়ানো যাবে না।’
সমস্যা হলো, ঘটনার কোনো ভিডিও নেই। দুদলের বর্ণনা দুই রকমের। আইসিসি এখন ঘটনা নিষ্পত্তির জন্য একজন কমিশনার নিয়োগ দেবে। এএফপি, ক্রিকইনফো।